আর্জেন্টিনাকে ঠেকাতে ভিন্ন কৌশলে অনুশীলন করছে সুইজারল্যান্ড
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিশেষ কৌশলে অনুশীলন করছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না দলটি।
শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে রেফারিং নিয়ে ম্যাচটি নতুন করে বিতর্কও তৈরি করে, যা নকআউট পর্বে দলটিকে ঘিরে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
প্রবীণ ক্রীড়া সাংবাদিক হোসে রামোন ফার্নান্দেজের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো বিস্তারিত বিশ্লেষণ করেছে সুইজারল্যান্ড। সেই অনুযায়ী অনুশীলনেও বাস্তবসম্মত কঠিন পরিস্থিতির অনুকরণ করা হচ্ছে।
খেলোয়াড়দের অসম সংখ্যায় অনুশীলনের নির্দেশ দিয়েছেন সুইস কোচ মুরাত ইয়াকিন। ১১ জনের বিপক্ষে ১০, ৯, এমনকি ৮ জন নিয়ে অনুশীলন করছে দলটি। সম্ভাব্য লাল কার্ডের পরিস্থিতিতে কীভাবে শৃঙ্খলা বজায় রেখে ম্যাচে টিকে থাকতে হবে, সেটিই এই অনুশীলনের মূল উদ্দেশ্য।
এ ছাড়া টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। গোলরক্ষক গ্রেগর কোবেল প্রতিদিন অতিরিক্ত সময় ধরে গোলকিপিং কোচদের সঙ্গে পেনাল্টি ঠেকানোর অনুশীলন করছেন, যাতে ম্যাচটি টাইব্রেকারে গড়ালে তিনি প্রস্তুত থাকেন।
রোববার কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে সুইজারল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে দেখছেন কোচ ইয়াকিন। আর্জেন্টিনার শক্তিমত্তার স্বীকৃতি দিলেও তিনি মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অপ্রতিরোধ্য নয়।
ইয়াকিন বলেন, “আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ আমরা খুব সতর্কভাবে বিশ্লেষণ করেছি। তাদের দুর্বলতার কিছু জায়গা চিহ্নিত করেছি। তারা অজেয় নয়।” সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে মেসিদের বিপাকে ফেলা সম্ভব বলেও বিশ্বাস তার।
শেষ ষোলোতে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড। সেই জয় দলটিকে নকআউট পর্বের চাপ সামলানোর ক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।
মতামত দিন