Views Bangladesh Logo

শিশু সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী, এমন ঘটনা ইতিহাসে প্রথম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীদের বৈঠকে নিজের তিন মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন সুইডেনের জলবায়ুবিষয়ক মন্ত্রী রোমিনা পোরমোখতারি। ইইউ কাউন্সিলের ইতিহাসে কোনো মন্ত্রীর বৈঠকে শিশুর অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে এক কর্মকর্তা।

বৃহস্পতিবার লুক্সেমবার্গে ইইউ কাউন্সিলের জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে বৈঠকে ছেলে অ্যাডামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন ৩০ বছর বয়সী পোরমোখতারি।

প্যারেন্টাল লিভ বা মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটির সুবিধার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। তার উদ্দেশ্য ছিল দেখানো—নারীদের কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়।

রয়টার্সকে পোরমোখতারি বলেন, তিনি উদাহরণ তৈরি করতে চেয়েছেন যে কাজ ও পরিবার—দুটো একসঙ্গে সামলানো সম্ভব। তবে এর জন্য এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন, যিনি আধুনিক চিন্তার অধিকারী এবং দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত।

ইইউ কাউন্সিলের এক কর্মকর্তা বলেন, তাদের জানা মতে, ইইউ মন্ত্রীদের কোনো বৈঠকে এই প্রথম কোনো শিশু উপস্থিত হলো।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার সময় পোরমোখতারি সুইডেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছিলেন। তিনি সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছেন। অন্যদিকে, তার স্বামী আগামী সেপ্টেম্বরের সুইডিশ নির্বাচন পর্যন্ত পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন এবং অ্যাডামের দেখাশোনায় সহায়তা করছেন।

সুইডেনে বিশ্বের অন্যতম উদার প্যারেন্টাল লিভ ব্যবস্থা চালু রয়েছে। দেশটিতে বাবা-মা মিলিয়ে প্রায় ১৬ মাসের বেতনসহ ছুটি পান। এর মধ্যে নির্দিষ্ট সময় বাবা ও মায়ের জন্য আলাদা করে বরাদ্দ থাকে, যা একে অপরের কাছে হস্তান্তর করা যায় না।

এই ব্যবস্থার লক্ষ্য হলো বাবাদের সন্তান লালন-পালনে আরও সক্রিয়ভাবে যুক্ত করা। পোরমোখতারি বলেন, শুধু ছুটি নয়, নমনীয় নিয়ম এবং সাশ্রয়ী শিশু পরিচর্যা ব্যবস্থাও পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

পোল্যান্ডের উপ-জলবায়ুমন্ত্রী ক্রিজস্টফ বোলেস্তা বলেন, বৈঠকে শিশুর উপস্থিতিতে কোনো সমস্যা হয়নি। তার মতে, এটি কোনো বাধা নয়, বরং জীবনের স্বাভাবিক অংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ