Views Bangladesh Logo

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শপথ শনিবার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি।

শুক্রবার কলকাতায় বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকের পর তিনিই আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।

অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় একাধিক প্রস্তাব এলেও সব ক্ষেত্রেই একটিই নাম উঠে আসে—শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি বড় সাফল্য পায়। দলটি ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে এবং বাম-কংগ্রেসসহ অন্যান্য দল ৬টি আসনে জয় পায়।

শুভেন্দু অধিকারীর উত্থান নিয়ে আগেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। তিনি একদিকে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে পরাজিত করেন, অন্যদিকে ঐতিহাসিক নন্দীগ্রাম আসনও নিজের দখলে রাখেন।

নন্দীগ্রাম আন্দোলন থেকে উঠে আসা শুভেন্দু অধিকারীর এই উত্থানকে পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই সিদ্ধান্ত রাজ্যে ‘নতুন যুগের সূচনা’ করবে।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর যুগ শুরু হতে চলেছে। সূত্র: এনডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ