Views Bangladesh Logo

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু, নিয়োগ পেতে পারেন দুই উপ-মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে নাটকীয় পালাবদলের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

সরকার গঠনকে ঘিরে এখন জোর আলোচনা চলছে নতুন মন্ত্রিসভা নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পরিচালনার কাজে শুভেন্দু অধিকারীকে সহায়তা করতে দুইজন উপ-মুখ্যমন্ত্রীকে নিয়োগ দেওয়া হতে পারে।

গত দুই দশকে পশ্চিমবঙ্গে কোনো উপ-মুখ্যমন্ত্রী ছিল না। জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারে সর্বশেষ এই পদে দায়িত্ব পালন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য দুই উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে একজন হতে পারেন নারী নেতা। এক্ষেত্রে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল পাল সবচেয়ে এগিয়ে রয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি আসানসোল দক্ষিণ আসন থেকে জয় পেয়েছেন। তাকে পশ্চিমবঙ্গের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বলেও জোর গুঞ্জন রয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী পদটি উত্তরবঙ্গ থেকে কাউকে দেওয়া হতে পারে বলে জানা গেছে। গুঞ্জন রয়েছে, শিলিগুড়ি থেকে জয়ী শঙ্কর ঘোষকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৃথকভাবে অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্টদের মতে, ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

আজ সন্ধ্যায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আইনসভা দলের নেতা নির্বাচন করা হবে। সেই নেতাই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। দলীয় সূত্র জানিয়েছে, বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সামিক ভট্টাচার্য বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করতে পারেন, যা পরে বিধায়কদের কণ্ঠভোটে অনুমোদিত হবে।

আগামীকাল শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এনডিএ জোটশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ