বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে ৪৫ দিনের সময়সীমা ঘোষণা শুভেন্দুর
বাংলাদেশের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার। এ লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় দ্রুত বেড়া নির্মাণকাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত ও বিতর্কিত একটি বিষয় হয়ে এতদিন ঝুলে ছিল। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও বিজেপি ইস্যুটি নিয়ে সরব ছিল।
মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে