রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সন্দেহজনক বস্তু, ঘটনাস্থলে এসআরবি
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ককটেল সদৃশ কিছু বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ কিছু বস্তু পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে এসআরবির একটি দল পাঠানো হয়।
হাসান মুহতারিম বলেন, অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি পরীক্ষা করতে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করার পর এগুলো বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠেও ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বেশ কিছু বস্তু উদ্ধারের খবর পাওয়া যায়। ওই ঘটনাতেও এসআরবির সদস্যরা অভিযান চালিয়ে এলাকা ঘিরে রাখেন এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
একই দিনে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে পাওয়া বস্তুগুলোর প্রকৃতি এবং এগুলো কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মতামত দিন