Views Bangladesh Logo

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু

বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীদের জন্য স্থগিত পরীক্ষাগুলো নতুন সূচিতে নেওয়া হচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাকি পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোলসহ বিভিন্ন বিষয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, আজ ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্রের পর ২২ আগস্ট আইসিটি পরীক্ষা হবে। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষা। একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২৭ আগস্ট। এরপর ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং আরবি ও পালি প্রথম পত্র এবং ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র ও আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

পরবর্তী ধাপে ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র এবং সবশেষে ৯ সেপ্টেম্বর একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বেলা ১টায়। বিকেলের পরীক্ষা চলবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে।

এর আগে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় বন্যা ও বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ