মিরপুর-১০ ও ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুটি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত করতে ঘটনাস্থলে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল।
শনিবার (১ আগস্ট) দুপুরে মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় পৃথকভাবে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একই সময়ে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর এসেছে। উভয় স্থানে সিটিটিসির বিশেষায়িত দল পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, ঘটনাস্থলে সিটিটিসির সদস্যরা পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করছেন। এগুলো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করার পাশাপাশি সেগুলোর প্রকৃতি নির্ধারণে কাজ করছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার পর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে অপ্রয়োজনে ভিড় না করার এবং সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।
মতামত দিন