২০২৬ ফিফা বিশ্বকাপ: শিরোপা দৌড়ে এগিয়ে কোন দল, জানাল সুপারকম্পিউটার
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে নকআউটের উত্তেজনা। প্রায় ১৭ দিনের লড়াইয়ে ৭২টি ম্যাচ শেষে ৪৮ দল থেকে টিকে আছে ৩২টি দল। শেষ বত্রিশের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ায় সম্ভাব্য পথও অনেকটাই পরিষ্কার। আর সেই হিসাব ধরেই নতুন করে শিরোপার সম্ভাবনা প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার।
নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। ম্যাচটির ফল আগেই সঠিকভাবে অনুমান করেছিল অপটার সুপারকম্পিউটার। এরপর নকআউট পর্বের সর্বশেষ সমীকরণ বিবেচনায় নিয়ে প্রকাশ করা হয়েছে নতুন সম্ভাব্যতার তালিকা।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ, যা প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের মধ্যে সর্বোচ্চ।
তবে নকআউটের বিভিন্ন ধাপ পার হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। অর্থাৎ, ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ট্রফি জয়ের চূড়ান্ত সম্ভাবনায় সামান্য ব্যবধানে এগিয়ে ফ্রান্স।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ৯.৭ শতাংশ, আর নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রদের ব্রাজিলের সম্ভাবনা ৬.৫ শতাংশ।
এছাড়া নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। সম্ভাবনার দৌড়ে এখনো টিকে আছে কলম্বিয়া (৩.২%), আর্লিং হলান্ডের নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) এবং সুইজারল্যান্ড (২.২ শতাংশ)।
তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১.৮ শতাংশ। গত আসরের চমক মরক্কো এবং বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। অন্যদিকে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
তবে অপটা অ্যানালিস্টও মনে করিয়ে দিয়েছে, এসব পূর্বাভাস কেবল পরিসংখ্যান, শক্তিমত্তা, সাম্প্রতিক পারফরম্যান্স এবং সম্ভাব্য ম্যাচআপের ভিত্তিতে তৈরি। বাস্তবতার মঞ্চে ফুটবল এখনো অনিশ্চয়তার খেলা। ৯০ মিনিটে কিংবা অতিরিক্ত সময়ে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।
এদিকে রাউন্ড অব ৩২-এর খেলা চলমান থাকায় প্রতিটি ম্যাচের ফলের সঙ্গে সুপারকম্পিউটারের সম্ভাব্যতার হিসাবও পরিবর্তিত হচ্ছে। ফলে পরবর্তী ধাপে ওঠা দলগুলোর ওপর ভিত্তি করে শিরোপা জয়ের সম্ভাবনার নতুন তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
মতামত দিন