ব্রাজিলের হেক্সা-স্বপ্ন আজই শেষ হচ্ছে না, বলছে সুপারকম্পিউটার
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষে নয়—চারবারের দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি সেলেসাওরা। তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে এবার ব্রাজিলকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার।
এ পর্যন্ত দুই দলের চার দেখায় নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। এরপর ২০০৬ সালে সর্বশেষ দেখাও ১-১ গোলে ড্র হয়।
চলতি বিশ্বকাপে ব্রাজিল শুরুতে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করে। শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠে কার্লো আনচেলত্তির দল।
বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও ব্রাজিলের সুখকর নয়। ২০০২ সালে শিরোপা জয়ের পর টানা পাঁচটি বিশ্বকাপে ইউরোপের দলের কাছেই বিদায় নিতে হয়েছে তাদের।
তবু এবার আশাবাদী হওয়ার কারণ দেখাচ্ছে অপ্টার সুপারকম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৪.২ শতাংশ, নরওয়ের ২১.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ।
ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ালেও ব্রাজিলকেই এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। অপ্টার পূর্বাভাস বলছে, ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৭.৪ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩২.৬ শতাংশ।
মতামত দিন