টানা বৃষ্টির পর রাজধানীতে মিলল রোদের দেখা , বাড়তে পারে তাপমাত্রা
টানা কয়েক দিনের প্রবল বর্ষণের পর রোদের মুখ দেখল রাজধানীবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রোদের দেখা মিলায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মতামত দিন