পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১
পাকিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ, সামরিক বাহিনী ও কাস্টমস কর্মীদের যৌথভাবে পরিচালিত একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ডেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা সাইফুল্লাহ খান জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী নিরাপত্তাচৌকিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।
উদ্ধারকারী সংস্থা ১১২২-এর কর্মকর্তা বিলাল ফৌজি জানান, হামলার পর ঘটনাস্থল থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
এর আগে চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট শহরের একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় ১৬ পুলিশ সদস্যসহ ৩১ জন নিহত হন।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সশস্ত্র হামলা ও সহিংসতা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে। পাকিস্তান এসব হামলার পেছনে আফগানিস্তান থেকে পরিচালিত সশস্ত্র তৎপরতাকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূখণ্ড থেকে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং বিভিন্ন সময়ে তা সশস্ত্র সংঘাতেও রূপ নিয়েছে। পাকিস্তান আফগান ভূখণ্ডে কথিত জঙ্গি আস্তানা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলাও চালিয়েছে।
মতামত দিন