আদালতে ক্যানসারের কথা বললেন কামরুল, ন্যায়বিচার চেয়েছেন ফিরোজ
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতকে বলেছেন, তিনি স্টমাকের ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। আর ন্যায়বিচার চেয়েছেন আওয়ামী লীগের সাবেক হুইপ আ স ম ফিরোজ।
বুধবার (২৭ নভেম্বর) রিমান্ড শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে তারা এসব কথা বলেন।
এরপর এদিন বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান হত্যা মামলায় আ স ম ফিরোজকে ২ দিনের রিমান্ড দেন আদালত। আর লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা মামলায় কামরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রিমান্ড শুনানিতে কামরুল ইসলাম বলেন, ‘আমি একটি মামলায় ৮ দিনের রিমান্ড থেকে এসেছি। আমার বয়স ৭৬ বছর। আমি স্টমাকের ক্যানসারের রোগী। ডায়াবেটিস আছে। এছাড়াও এ বয়সে নানা রোগে আক্রান্ত। যেখানে ঘটনা ঘটেছে, ওটা আমার নির্বাচনী এলাকাও না। এ হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসব হয়রানিমূলক মামলা।’
আদালতে ন্যায়বিচার চেয়ে আ স ম ফিরোজ বলেন, ‘১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় থেকে আমি এমপি ছিলাম। এরশাদের আমলেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। ৫ তারিখে আমার নির্বাচনী এলাকায় ছিলাম। সেখানকার ডিসি, এসপিদের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে ছিলাম। আল্লাহর পর আপনি যদি হাকিম হন, তাহলে আপনি ন্যায়বিচার করবেন। এ মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হয়েছে। বাদী আদালতে এসে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে