খামেনির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে তিন নাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনজন সম্ভাব্য প্রার্থীকে নির্ধারণ করা হয় বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য তিন উত্তরসূরি হলেন—ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, খামেনির চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি।
তবে ইসরায়েল দাবি করেছে যে, তারা আলী আসগর হেজাজিকে হত্যা করেছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
খামেনির ছেলে মোজতবা খামেনির নামও সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় ছিল। তবে বংশানুক্রমিকভাবে ক্ষমতা হস্তান্তরের অভিযোগ এড়াতে খামেনি নিজেই তাঁর প্রার্থিতা বাতিল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের জুনে হামলার পর খামেনি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির কাছে বড় পরিসরে দায়িত্ব হস্তান্তর করেন। গত মাসে তেহরানে ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুরের সঙ্গে বৈঠক করেন লারিজানি, যা ইরানের কূটনৈতিক সক্রিয়তার ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে হাসান খোমেনি তুলনামূলকভাবে মধ্যপন্থী ও সংস্কারপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন। ২০২৫ সালের শেষ দিক থেকে তেহরানে চলমান অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক ছায়াযুদ্ধের কারণে একাধিক দফায় বিক্ষোভ দেখা দিয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে তার মিত্রদের লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি এবং গাজা উপত্যকায় হামাসকে সমর্থন দিয়ে আসছে। এর পাশাপাশি ইরাকেও নিজেদের প্রভাব ধরে রাখতে বিভিন্ন মিলিশিয়াকে সহায়তা করছে তেহরান।
কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রক্সি সংঘাতের ব্যয় ইরানের শাসন ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খামেনির পরবর্তী উত্তরসূরি হিসেবে অন্যতম শক্তিশালী প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যু ইরানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
বর্তমান পরিস্থিতিতে খামেনির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ইরানজুড়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে