Views Bangladesh Logo

উত্তরায় অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি শেষে রাজধানীর উত্তরায় অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে লংমার্চে যোগ দেওয়ায় এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উত্তরার বিএনএস টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী হাসান ফাহাদ বলেন, উত্তরা থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশে লংমার্চে যোগ দিচ্ছেন। তাই আপাতত সড়ক ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও অন্য কেন্দ্রীয় স্থানগুলোর আন্দোলনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা উত্তরার বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে বিমানবন্দর, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুরমুখী সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা; অনেককে গন্তব্যে পৌঁছাতে হেঁটেই যেতে দেখা যায়।

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ