Views Bangladesh Logo

হল ফি কমানোর দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা হল ফি পুনর্নির্ধারণ, অন্যান্য ফি যৌক্তিক পর্যায়ে আনা এবং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।

সোমবার (২০ জুলাই) রাতে কলেজের হল গেটের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হল ফি কমানোর দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত অন্যান্য কলেজে যেখানে হল ফি ৬ হাজার টাকা, সেখানে তিতুমীর কলেজে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে চাপে পড়ছেন।

আন্দোলনকারীরা জানান, কয়েক দিন ধরে আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিয়েছিল। তবে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে হল ফি মাত্র ২০০ টাকা কমিয়ে ৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, হল ফি কমানোর দাবিতে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু প্রশাসন বিষয়টি সমাধানের জন্য কেবল দুইজন ছাত্রনেতাকে আলোচনায় ডেকেছে। তিনি বলেন, হাজার হাজার শিক্ষার্থীর সিদ্ধান্ত দুইজন ছাত্রনেতা নিতে পারেন না; এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থীরাই।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন প্রথমে হল ফি ৭ হাজার টাকায় নামিয়ে আনার আশ্বাস দিলেও পরে মাত্র ২০০ টাকা কমিয়ে ৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসনের শামিল বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীরা হল ফি ৬ হাজার টাকায় পুনর্নির্ধারণ, সব ধরনের ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ