Views Bangladesh Logo

সায়েন্স ল্যাব থেকে জাতীয় সংসদের দিকে শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা নিয়ে তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা সায়েন্স ল্যাবের অবরোধ তুলে সংসদ অভিমুখে যাত্রা শুরু করেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধের ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষার্থীদের প্রতি দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া, ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সব পরীক্ষার্থীর জন্য পুনরায় আয়োজন এবং ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করা।

সকালে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে তারা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে ইট নিক্ষেপ ও গেটে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

পরে আন্দোলনকারীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা বিভিন্ন স্থানে গিয়ে দাবি তুলে ধরতে চাইলেও পুলিশ বাধা দিয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের ক্লাস ও পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে যে ত্রুটি ছিল, সে কারণে পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। যেসব কেন্দ্রে প্রকৃত সমস্যা হয়েছে, প্রয়োজনে শুধু সেসব কেন্দ্রেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

রাজধানীর পাশাপাশি উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক এবং বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ