Views Bangladesh Logo

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আজ (বুধবার) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি না মানলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে দিলে শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই—শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাব থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব।’

এর আগে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুধবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বাদ দিয়ে ৬ দফা নিয়ে সচিবালয়ে যান শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

পরে আবার বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগে গিয়ে নতুন করে অবস্থান নেন এবং সন্ধ্যা ৬টায় মোড় অবরোধ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ