শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণে আজ দিনভর কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। সন্ধ্যায়ও উত্তরা, ইসিবি চত্বর, মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এদিকে গুলশান ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরমুখী অংশে তীব্র যানজট তৈরি হয়। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায়।
ট্রাফিক পুলিশ জানায়, অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিকেল ৫টার পর সীমিত আকারে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
মতামত দিন