Views Bangladesh Logo

সায়েন্স ল্যাব থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধের পর তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন। বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থান করতে দেখা যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

উত্তরাতেও সড়ক অবরোধ
এদিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর ১টার পর থেকে সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে দেড়টার দিকে সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দফা দাবিতে আন্দোলন
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ থেকে গত মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সেই কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তারা ঘোষণা দেন, নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে বুধবার বিকেল ৩টা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, শিক্ষার্থীদের নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের জবাবদিহি এবং চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সমাধান। তবে শিক্ষামন্ত্রী মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষার্থীদের নিয়ে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ