Views Bangladesh Logo

লাঠিচার্জের পর ফের সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার পুনঃআয়োজন এবং ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার প্রায় পৌনে দুই ঘণ্টা পর আবারও জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কও অবরোধ করা হলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও পরে পুনরায় সংসদ ভবনের সামনে ফিরে আসেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কার্যকর আলোচনা হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক শিক্ষার্থী। তার দাবি, প্রতিনিধি চাওয়ার পর তাদের ভেতরে নেওয়া হলেও বাইরে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও বুধবারের এইচএসসি পরীক্ষা হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি পালন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে সায়েন্সল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে যান। একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা নীলক্ষেত হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে যান এবং সেখান থেকে সংসদ ভবনের সামনে কর্মসূচি চালিয়ে যান।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ