Views Bangladesh Logo

কাঠামোগত ত্রুটি ও শাসনব্যবস্থার সমস্যা অর্থনৈতিক সংস্কারকে বাধাগ্রস্ত করছে: দেবপ্রিয়

 VB  Desk

ভিবি ডেস্ক

মূল্যস্ফীতি কমে আসা এবং বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার মতো অর্থনীতিতে স্থিতিশীলতার প্রাথমিক লক্ষণ দেখা গেলেও কাঠামোগত দুর্বলতা এবং শাসনব্যবস্থার সমস্যার কারণে বাংলাদেশের বৃহত্তর সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

রোববার (১৮ মে) রাজধানীর লেকশোর হোটেলে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নীতি সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক নীতি সংলাপে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘আমরা সেই ধরনের কাঠামোগত পরিবর্তন বা বৈষম্যবিরোধী পক্ষপাত কমার লক্ষণ দেখছি না, যা অর্থনৈতিক ব্যবস্থাপনায় অর্থবহ অগ্রগতির ইঙ্গিত দিতে পারে।’

এই অর্থনীতিবিদ উল্লেখ করেন, ‘সরকার অন্যান্য খাতের তুলনায় অর্থনৈতিক সংস্কারের দিকে উল্লেখযোগ্যভাবে কম মনোযোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া অন্য কোনো সংস্কার টেকসই হবে না।’

এ সময় আসন্ন ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটকে প্রভাবিত করতে পারে, এমন তিনটি গুরুত্বপূর্ণ ঘাটতি তুলে ধরেন চিহ্নিত করেন দেবপ্রিয়। ঘাটতিগুলো হচ্ছে- সহযোগিতার অভাব, দুর্বল সমন্বয় এবং স্বচ্ছতার সীমাবদ্ধতা।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেট প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা ন্যূনতম ছিল। ঢাকার বাইরে কোনো সংলাপ হয়নি বললেই চলে এবং রাজধানীর ভেতরে বিভিন্ন মতামতকে বাদ দেয়া হয়েছে।’

কর নীতি ও কর প্রশাসন পৃথক করার বিষয়ে নীতিগতভাবে সমর্থন জানালেও এর বাস্তবায়নের সমালোচনা করেন তিনি।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কর ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করা সঠিক পদক্ষেপ ছিল এবং এটি আমাদের শ্বেতপত্রের সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বাস্তবায়ন ত্রুটিপূর্ণ ছিল, যা যথাযথ পরামর্শ ছাড়াই করা হয়েছে। এক্ষেত্রে পেশাদার মতামত কমানো হয়েছে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।”

দেবপ্রিয় সতর্ক করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কলম বিরতি রাজস্ব আদায়ে আরও বাধা সৃষ্টি করতে পারে, যা দেশের আর্থিক কাঠামোর চ্যালেঞ্জকে আরও জটিল করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ