পোস্টাল ব্যালটে ব্যাপক সাড়া, ভোট দিয়েছেন সোয়া ৫ লাখ প্রবাসী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছিল।
ড. সালীম আহমাদ খান জানান, এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বর্তমানে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোর পোস্ট বক্সে রয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৫৯টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটের চিত্র প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের পরিসংখ্যানও প্রকাশ করেছে ইসি।
তথ্যমতে, দেশের ভেতরে মোট ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটাররা ডাকবক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট। তবে রিটার্নিং অফিসারদের হাতে পৌঁছানোর গতি কিছুটা ধীর। এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা মাত্র ১৪৭টি ব্যালট গ্রহণ করেছেন। তবে ইসির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, শুধু ঢাকা জেলার রিটার্নিং অফিসাররাই এখন পর্যন্ত ৫৮৮টি ব্যালট গ্রহণ করেছেন। এবারের নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে, যার প্রতিফলন হিসেবে পোস্টাল ব্যালটে এই রেকর্ড সংখ্যক ভোট সংগৃহীত হয়েছে।
এদিকে ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গত রোববার থেকে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিশাল সংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে