Views Bangladesh Logo

ফিলিপাইনে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৩.৩ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পটি ছিল অত্যন্ত প্রবল ও আকস্মিক। কম্পনের ফলে তার পুলিশ স্টেশনের ছাদের একটি বিম ভেঙে পড়েছে এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আফটারশকের আশঙ্কায় বর্তমানে পুলিশ সদস্যরা ভবনের বাইরে অবস্থান করছেন।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত বছরের অক্টোবরে পূর্ব মিন্ডানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছিলেন। এছাড়া নিকট অতীতে ৬.৯ মাত্রার এক ভূমিকম্পে ৭৬ জন প্রাণ হারান এবং সেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ