Views Bangladesh Logo

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চল

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে (ভারতীয় সময়) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

আফগানিস্তান থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল অত্যন্ত সক্রিয় ভূকম্পন অঞ্চলের মধ্যে পড়ে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

এর আগে শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশেও অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ফলে পুরো অঞ্চলজুড়েই সাম্প্রতিক সময়ে ভূকম্পন কার্যক্রম বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ