Views Bangladesh Logo

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তরাঞ্চলে ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটির উত্তর উপকূলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৩ মিনিটে ( বাংলাদেশি সময় ১টা ৫৩ মিনিট) উত্তর ইওয়াতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওর বড় বড় ভবনগুলোও কেঁপে ওঠে।

আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, সুনামির প্রথম ঢেউগুলো অতি দ্রুত উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূলীয় এবং নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু জায়গা বা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করবেন না।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি জরুরি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১,৫০০ বার কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, ২০১১ সালে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮,৫০০ জন মানুষ নিহত বা নিখোঁজ হন। ওই প্রাকৃতিক দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ