Views Bangladesh Logo

যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা

যুদ্ধবিরতি ঘোষণার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনা ও সতর্কতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসির লাইভ প্রতিবেদন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) সকালেও ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়েও হামলার অভিযোগ উঠেছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলও সম্মতি দিয়েছে। তবে এর পরও ইরানে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যদিও ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে বক্তব্য দিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন। পাশাপাশি সেখানে বাসিন্দাদের জন্য হামলার সতর্কতা জারি করা হয়েছে।

বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হচ্ছে। একই ধরনের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের কর্মকর্তারাও জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাতভর উদ্বেগ ও উৎকণ্ঠার পর শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ নিরাপদভাবে’ খুলে দেবে।

এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ