পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা ক্রয়-বিক্রয়ের উপর পুলিশের কঠোর নজরদারি
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতের বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এই পরিস্থিতিতে শহরে পাকিস্তানি পতাকা কারা তৈরি করছে এবং কারা কেনাবেচা করছে তাদের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ।
রোববার (১৮ মে) বডিগার্ড লাইনে মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
কলকাতা পুলিশের তথ্যমতে, পাকিস্তানি পতাকা যেন কোনোভাবে ঘৃণা ও অশান্তি ছড়ানোর কাজে ব্যবহার না হয়, সেজন্য থানাগুলোকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর বনগাঁয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
কলকাতা পুলিশের আশঙ্কা, শহরেও এই ধরনের অপপ্রয়োগ হতে পারে। তাই রোববার থানাগুলোকে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে, যাতে যারা এই পতাকা কিনছেন, তারা কেন কিনছেন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
এদিকে মুনাফা লাভের আশায় পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ উঠেছে বিভিন্ন ই-কমার্স সংস্থার বিরুদ্ধে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনে। পরবর্তীতে তারা বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে অনলাইন শপিং সাইটে পাকিস্তানি পতাকাসহ বিভিন্ন সামগ্রী বিক্রি বন্ধের দাবি জানায়। এরপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নোটিস পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে