হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে: গালিবাফ
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালিতে আর কখনো যুদ্ধপূর্ব অবস্থা ফিরে আসবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত আলোচনা থেকে ফেরার পথে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে গালিবাফ বলেন, এই সফরে ভালো অর্জন হয়েছে। হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেলের ওপর অব্যাহতি এবং জমাটবদ্ধ তহবিল ছাড়ের বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এর আগে সোমবার ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং লেবাননে যুদ্ধ বন্ধে যোগাযোগ-ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানান। গালিবাফ জানান, উভয় পক্ষ হরমুজ প্রণালিতে সমন্বয় প্রক্রিয়া প্রতিষ্ঠায় সম্মত হয়েছে, যার আওতায় একটি টেলিফোন হটলাইন ও একটি কেন্দ্র স্থাপন করা হবে, যেন কোনো অস্পষ্টতা বা সমস্যা তৈরি হলে জাহাজগুলো সরাসরি সেই কেন্দ্রে যোগাযোগ করতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট পরিশোধিত তেল ও জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। তবে ২০২৬ সালের শুরু থেকে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিসহ বেশ কয়েকটি কৌশলগত জলপথে একাধিকবার জাহাজ চলাচল বন্ধ করার হুমকি দেয় তেহরান।
মতামত দিন