লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে: আরাঘচি
লেবাননে চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আব্বাস আরাঘচি। তার মতে, ১০ দিনের যুদ্ধবিরতির এই সময়ে প্রণালিটি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ইরান-এর অন্যতম প্রধান দাবি। গতকাল ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে তা কার্যকর হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-এর মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। ইরান দাবি করে আসছিল, লেবাননও সেই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত। মধ্যস্থতাকারী পাকিস্তান-ও একই অবস্থান জানিয়েছিল।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে এ দাবি অস্বীকার করে এবং ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। পরে ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলে লেবাননে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
এর পরই ইরান জানায়, এই ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে