হরমুজ প্রণালি ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ: ইরান
হরমুজ প্রণালি ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো মূল্যে এই কৌশলগত জলপথ রক্ষা করবে।
রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে মোহসেন রেজায়ি বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরোধব্যবস্থা এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার ওপর নির্ভর করেই ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করবে।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।
এদিকে রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পাশাপাশি ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতেও হামলার দাবি করে এবং কৌশলগত এই প্রণালি আবারও বন্ধ রাখার ঘোষণা দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেও ইরানের সঙ্গে সংলাপের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন।
মতামত দিন