Views Bangladesh Logo

সারাদেশের আকাশে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, বাড়তে পারে গরমের দাপট

সারাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন (২৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

আগামীকাল শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে মাঝারী ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায় ৭৬ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ