ইয়ামালকে যদি হোটেল কক্ষে তালাবদ্ধ করে রাখা যেত: স্কালোনি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র লামিনে ইয়ামাল। তরুণ এই তারকাকে থামানোই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি।
পুরো টুর্নামেন্টজুড়েই ইয়ামালের প্রভাব ধীরে ধীরে বেড়েছে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া বার্সেলোনার এই উইঙ্গার শুরুতে পুরো ছন্দে না থাকলেও নকআউট পর্বে নিজের সেরাটা দেখাতে শুরু করেছেন।
বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তার গতি ও দারুণ মুভমেন্ট থেকেই স্পেন পেনাল্টি আদায় করে ম্যাচে এগিয়ে যায়। পুরো ম্যাচেই তিনি ছিলেন দুর্দান্ত।
ফাইনালে ইয়ামালকে কীভাবে আটকানো হবে—এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে স্কালোনি বলেন, ইয়ামালকে কীভাবে থামাব? যদি ওকে তার হোটেল কক্ষে তালাবদ্ধ করে রাখা যেত!
এরপরই ১৯ বছর বয়সী এই তারকার ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, সে অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে অমূল্য সম্পদ। এখনও সে খুবই তরুণ, সামনে ফুটবলকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য তার আছে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের আক্রমণের অন্যতম ভরসা ইয়ামালকে ঘিরেই আর্জেন্টিনার রক্ষণভাগকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।
মতামত দিন