পোস্টাল ব্যালটের ফল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্ধারিত সময়ের আগে ভোট গণনা বা ফলাফল জানার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
ইসি জানায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ মিনিটের পর নিয়মিত ভোট গণনার সময় একই সাঙ্গে গণনা করা হবে। এর আগে ফলাফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই।
ইসি আরও জানিয়েছে, এ সংক্রান্ত যেকোনো আগাম তথ্য বা প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে কমিশনের সাইবার মনিটরিং টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসি।
বিকাল সাড়ে ৪টার আগে পোস্টাল ভোটের ফলাফল জানা অসম্ভব। জনসাধারণকে এ ধরনের কোনো ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে