Views Bangladesh Logo

টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে জরুরি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : নানক

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে জরুরি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (০৪ ফেব্রুয়ারি) মতিঝিলে অবস্থিত পাট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

জাহাঙ্গীর কবির নানক বলেন, 'অতিসম্প্রতি ভারত তাদের একটা শাড়ীর প্যাটেন্ট রাইট নিয়েছে। আমরা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং করছি। বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।'

মন্ত্রী মন্ত্রণালয় ও পাট অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “কৃষকদের কাঁচা পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে মধ্যসত্ত্বভোগীদের দৌরত্ব বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পণ্যে ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ যদি প্লাষ্টিকের ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা আরো জোড়দার করবেন। দেশব্যাপী সারাবছর অভিযান চলমান থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।”

প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে সর্বদা পাটের বাজার দর পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন নানক।

মন্ত্রী বলেন, ‘ বাংলাদেশের পাটখাতেকে সমৃদ্ধ ও আধুনিক করতে সরকারের ধারাবাহিক সময়োপযোগি পৃষ্ঠপোষকতা অব্যাহত রয়েছে।বর্তমানে বহুমুখী পাটজাত পণ্য রপ্তানি খাতে নগদ সহায়তা প্রদানের পাশাপাশি এ খাতের অংশীজনদের নীতিসহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা হোসেন ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ