Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর পর এমপি পদও ছাড়ার ঘোষণা স্টারমারের

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার পার্লামেন্ট সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্যার কিয়ার স্টারমার। তার পদত্যাগের ফলে লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

ক্যামডেন নিউ জার্নালকে দেওয়া এক বিবৃতিতে স্টারমার বলেন, ১১ বছর ধরে এই আসনের প্রতিনিধিত্ব করা তার জন্য ‘বিশাল সম্মান ও গর্বের বিষয়’ ছিল। তবে এখন তিনি নিজের মনোযোগ ‘আন্তর্জাতিক বিষয়ে’ কেন্দ্রীভূত করতে চান।

চলতি গ্রীষ্মের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান স্টারমার। এরপর অ্যান্ডি বার্নহ্যাম তার স্থলাভিষিক্ত হন।

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর স্টারমার এমপি হিসেবে থাকবেন কি না, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তিনি।

ব্রিটেনে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে স্টারমার বলেন, এখন তিনি ‘দায়িত্বের ব্যাটন একজন উত্তরসূরির হাতে তুলে দিতে’ প্রস্তুত।

তিনি বলেন, এখন তিনি অন্য বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে চান। এর মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তিসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় রয়েছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এসব বিষয় বিশেষ গুরুত্ব বহন করে বলেও উল্লেখ করেন তিনি।

নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান স্টারমার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অন্যদের সঙ্গে মিলে এ বিষয়ে কাজ করছেন। এমপি হওয়ার আগেই তিনি এই কাজ শুরু করেছিলেন এবং এমপি পদ ছাড়ার পরও তা চালিয়ে যেতে চান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ