Views Bangladesh Logo

বিধানসভা নির্বাচনে তারকাপ্রার্থীদের লড়াইয়ে কে এগিয়ে

ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে এবারও রাজনৈতিক মাঠে তারকাদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোট গণনার ফল যতই প্রকাশ্যে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা সরাসরি ভোটের লড়াইয়ে নেমে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন। তবে সর্বশেষ ভোটগণনায় দেখা যাচ্ছে, সব তারকার ভাগ্য সমানভাবে সহায়ক হয়নি।

পশ্চিমবঙ্গে একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। উত্তর ২৪ পরগনার বরাহনগর আসনে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের কাছে পিছিয়ে রয়েছেন। একইভাবে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীও বিজেপির কৌস্তভ বাগচীর কাছে পিছিয়ে পড়েছেন। ২০২১ সালে এই আসনেই জয় পেয়েছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে দুই তারকার লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গাঙ্গুলী। তিনি তৃণমূলের বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে পেছনে ফেলে লিড ধরে রেখেছেন। কলকাতার মানিকতলায় তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডেও বিজেপির তাপস রায়ের কাছে পিছিয়ে রয়েছেন।

করিমপুর আসনে তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী কিছুটা স্বস্তিতে রয়েছেন। নির্বাচনের পঞ্চম দফা শেষে তিনি ১৮ হাজার ১৮৬ ভোটে এগিয়ে আছেন, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন বামফ্রন্ট প্রার্থী প্রভাস মজুমদার। রাজারহাট-গোপালপুরে লোক সংগীতশিল্পী অদিতি মুন্সী বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে হাওড়ার শিবপুরে উল্টো চিত্র দেখা যাচ্ছে, যেখানে বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ তৃণমূল প্রার্থীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

শ্যামপুর আসনে বিজেপির অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের বর্তমান বিধায়কের কাছে পিছিয়ে পড়েছেন। টালিগঞ্জেও একই চিত্র, সেখানে বিজেপির পাপিয়া অধিকারী তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের কাছে পিছিয়ে রয়েছেন।

অন্যদিকে, তামিলনাড়ুতে পরিস্থিতি ভিন্ন। দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার নতুন রাজনৈতিক দল তামিলগা ভেট্ট্রি কাজাগম নিয়ে বড় চমক দেখাচ্ছেন। সর্বশেষ ফলাফলে তিনি যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দুটিতেই এগিয়ে রয়েছেন। তার দলও ২৩৪ আসনের মধ্যে শতাধিক আসনে লিড নিয়ে রাজ্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে, যা তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে আসামেও তারকা প্রার্থীদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন পৃথ্বীরাজ রাভা। তেজপুর আসনে তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তা সবসময় ভোটে রূপ নেয় না— এবারের নির্বাচনে তারই প্রতিফলন স্পষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ তারকা প্রার্থী চাপে রয়েছেন, সেখানে তামিলনাড়ুতে তারকা প্রভাব উল্টো রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলে এই ধারা কতটা বজায় থাকে,সেটিই এখন দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ