নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের প্রাণহানি
ভারতের নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন নারী ও তিনজন শিশু রয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব ‘মহাকুম্ভ’তে যোগ দিতে যাওয়ার জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে প্রচুর লোক ভিড় করে। এ সময় রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসার পর হুড়োহুড়ির ঘটনা ঘটে। এর পরই পদদলিত হয়ে এসব হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি বলেন, ‘আমার চিন্তাভাবনা তাদের সকলের সঙ্গে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই পদপিষ্টের ফলে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সকলকে সহায়তা করছে।’
উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় আধ্যাত্মিক উৎসব ‘মহাকুম্ভ’ চলছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে এ জেলায় সমাগম ঘটছে হাজারো পুণ্যার্থীদের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে