Views Bangladesh Logo

এসএসসি-সমমানের খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায়। আবেদনকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে পাঠানো এসএমএস এবং নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সময়ে আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে ফল জানিয়ে এসএমএস পাঠানো হবে।

পুনঃনিরীক্ষণের ফল দেখতে শিক্ষার্থীদের ‘rescrutiny.eduboardresults.gov.bd’ ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানও ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পদ্ধতিতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতদিন সাধারণত খাতায় নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কিংবা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, তা যাচাই করা হতো। এবার প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়নের আওতায় আনা হয়েছে। ফলে আগের তুলনায় পুনঃনিরীক্ষণ প্রক্রিয়াটি আরও বিস্তৃত হয়েছে।

গত ১১ আগস্ট থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ১৭ আগস্ট রাত পর্যন্ত। এ সময় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। একাধিক বিষয়ে আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদনকারীর তুলনায় পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়া উত্তরপত্রের সংখ্যা ছিল অনেক বেশি। লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্রের জন্য আবেদন করা হয়। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্রের।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়ে। এর বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ