এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই দিনই ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। ফলে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হবে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ফল প্রকাশের পরদিন থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।
মতামত দিন