২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার পরিকল্পনা
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে আগামী মার্চে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে। মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে এসএসসি পরীক্ষা শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে আলোচনা চলছে।
এর আগে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ১৪ মে দেওয়া ওই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে পরীক্ষাটির প্রস্তাবিত সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
পরে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সংশ্লিষ্ট অংশীজনেরা চাইলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে পরীক্ষার সূচিও পরিবর্তন করা সম্ভব বলে জানিয়েছিলেন তিনি।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনও কিছুটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তারা আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে এসে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়ছে তারা।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় শিক্ষার্থীরা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক পরীক্ষার্থী ও অভিভাবক।
একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারি ও পরবর্তী গণঅভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাইয়ে শুরু হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনার লক্ষ্যেই আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে রমজান, ঈদ এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এখন মার্চে পরীক্ষা শুরুর বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
মতামত দিন