Views Bangladesh Logo

রোজার কারণে এসএসসি পরীক্ষা মার্চে: শিক্ষামন্ত্রী

আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও রমজানের কারণে তা পিছিয়ে মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে এ সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, সব পাবলিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে আয়োজন করা সরকারের লক্ষ্য। সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। কিন্তু ওই সময়ে রোজা ও ঈদ পড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা এ পরিকল্পনার সমালোচনা করেন। পরে ২ জুন তিনি বলেন, অংশীজনেরা চাইলে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।

গত ২৪ আগস্ট আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা কেন বাদ দেওয়া হলো, সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু এতে নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা পর্যালোচনার পর্যাপ্ত সুযোগ থাকছে না। অথচ এই পর্যালোচনা তাদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রমজানের পরে পরীক্ষা নেওয়া হলে তা অনেকটা বিলম্বিত হয়ে যায়। আবার জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় পাবে না। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, এসএসসি পরীক্ষা রমজানের পরেই নেওয়া হবে।

পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা নাকচ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ