Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে নিজের ভূখণ্ডে কোনো পক্ষকে সামরিক সুবিধা দিতে রাজি হয়নি। দেশটির দক্ষিণাঞ্চলের মত্তলা আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান অবতরণের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ে শুক্রবার পার্লামেন্টে জানান, ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। তারা জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ দুটি যুদ্ধবিমান ৪–৮ মার্চ শ্রীলঙ্কায় রাখতে চেয়েছিল। তবে শ্রীলঙ্কা নিজের ভূখণ্ডকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই অনুরোধ বাতিল করেছে।

একই দিনে ইরানের পক্ষ থেকেও অনুরোধ আসে। ভারত সফর শেষে ফেরার পথে তিনটি ইরানি যুদ্ধজাহাজ ৯–১৩ মার্চ কলম্বো বন্দরে ভিড়তে চেয়েছিল। শ্রীলঙ্কা যদি ইরানকে অনুমতি দিত, তবে যুক্তরাষ্ট্রকেও দিতে হতো। তাই উভয় পক্ষকে অনুমতি দেওয়া হয়নি। লঙ্কান পার্লামেন্টের ২২৫ সদস্য এই সিদ্ধান্তকে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন।

গত ৪ মার্চ লঙ্কান উপকূলে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের আইআরআইএস ডেনা ফ্রিগেটে টর্পেডো হামলা চালায়; এতে অন্তত ৮৪ নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জনকে উদ্ধার করে। পরে নিরাপত্তা শঙ্কায় আইআরআইএস বুশেহর নামের দ্বিতীয় জাহাজকে কলম্বোয় আশ্রয় দেওয়া হয়। শ্রীলঙ্কা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধান রফতানি বাজার, আর ইরান লঙ্কান চায়ের প্রধান ক্রেতা। সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ