Views Bangladesh Logo

তিন বছরের সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা

২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দেশটিকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় দেশটির এই উন্নয়ন হয়েছে। শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটনের প্রসার এবং আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বব্যাংক শ্রীলঙ্কার এই অগ্রগতিকে ‘পুনরুদ্ধারের এক গল্প’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, মাত্র তিন বছর আগে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে প্রায় ধসে পড়ার মুখে ছিল। তবে ধারাবাহিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে আবারও উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে ফিরতে সক্ষম হয়েছে।

বিশ্বব্যাংকের ভাষ্য, এই পুনঃশ্রেণিবিন্যাস শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হলেও দেশটি খুব অল্প ব্যবধানে এই সীমা অতিক্রম করেছে।

বিশ্বব্যাংক দেশগুলোকে চারটি আয়ের শ্রেণিতে ভাগ করে—উচ্চ আয়, উচ্চ মধ্যম আয়, নিম্ন মধ্যম আয় ও নিম্ন আয়। মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) অনুযায়ী এই শ্রেণিবিন্যাস করা হয়। এবার ২১৮টি দেশ ও অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে প্রকাশিত তালিকাটি ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।

২০১৯ সালের ইস্টার সানডে হামলা, করোনা মহামারি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের জেরে ২০২২ সালে শ্রীলঙ্কা সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি (সোভরেন ডিফল্ট) হয়। এতে দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।

বিশ্বব্যাংকের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় নেওয়া অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচি, রাজস্ব ও মুদ্রানীতির সংস্কার, বৈদেশিক ঋণ পুনর্গঠন, পর্যটন খাতের পুনরুজ্জীবন, প্রবাসী আয় বৃদ্ধি এবং বৈদেশিক খাতের উন্নতির ফলে শ্রীলঙ্কা সংকট কাটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরতে সক্ষম হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ