গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, উদ্ধার ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযান চলাকালে সেখান থেকে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
অভিযানের পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে ঘটনাস্থল থেকে জানা গেছে।
তবে উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমাগুলো সেখানে কীভাবে রাখা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এগুলো মজুদের সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও এখনো কোনো তথ্য প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, উদ্ধার অভিযান এবং বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন