Views Bangladesh Logo

তদন্তের জন্য প্রথম মামলা পেল এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে সংস্থাটি। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে এসআরবিকে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এসআরবিকে নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি।

আদালতের আদেশে বলা হয়েছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের ১০(গ) ধারায় মাদক, সাইবার অপরাধ, ভূমি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাটি ভূমিসংক্রান্ত হওয়ায় ওই আইনের ৫(২) ধারায় আদালত এসআরবির মহাপরিচালককে যেকোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ দিতে পারেন। সে অনুযায়ী বাদীর নালিশি দরখাস্তটি এসআরবি দিয়ে তদন্ত করা যুক্তিযুক্ত বলে আদালত উল্লেখ করেছেন।

আদেশে আরও বলা হয়, এসআরবি আইনের ১৫(২) ধারা অনুযায়ী মহাপরিচালককে ইউনিটে কর্মরত উপপরিদর্শক পদমর্যাদার নিচে নয়—এমন কোনো সদস্যের মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকার মিরপুর হাউজিং এস্টেটের জমিতে নির্মিত বহুতল ভবনের মালিক মো. ইউনুস আলী ও রুমা আক্তার স্বপরিবারে কানাডায় বসবাস করছেন। তাঁদের চাচা মিজানুর রহমান বাংলাদেশে থাকা তাঁদের স্থাবর সম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, আসামি হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বাড়িটি দখল ও আত্মসাতের চেষ্টা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৬ জুলাই হেমায়েতের নেতৃত্বে তাঁরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাঁরা প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে হেমায়েত বাদী মিজানুর রহমানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেন এবং দুই লাখ টাকা চুরি করে নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ