Views Bangladesh Logo

মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

আন্তর্জাতিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ শীর্ষ নেতারা।

দলীয় সূত্র জানায়, সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে।

সমাবেশে ঢাকা ও আশপাশের জেলা থেকে শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকদের আশা, প্রায় ৫ লাখ মানুষের সমাগম হতে পারে।

সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক আংশিক বন্ধ থাকতে পারে। যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা—বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচল সচল রাখতে বিশেষ ব্যবস্থা থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব মো. বদরুল আলম সবুজ বলেন, সমাবেশ সফল করতে গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি চলছে। অংশগ্রহণকারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে শ্রমিকদের দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতা হিসেবেই এ সমাবেশ।

তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের স্মরণে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ