পুলিশের জন্য বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে দুই দেশ একমত হয়।
বৈঠকে চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তিগত অবকাঠামো পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য পুলিশের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানানো হয়। দলটি চীনের আধুনিক ল্যাব পরিদর্শনের পর দেশে প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি চীনের জননিরাপত্তা মন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং চীন সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০ জনের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী ও কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন