অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী বলেন, সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেছি। প্রথম অধিবেশনের বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অনুরোধ করছি, এই অধ্যাদেশগুলো কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করা হোক এবং কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করুক।
স্পিকার প্রস্তাবটি ভোটে দেন এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়। এর পর উপস্থাপিত অধ্যাদেশগুলি বিশেষ কমিটিতে পাঠানো হয়।
এর আগে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে