Views Bangladesh Logo

নারী ও শিশু নির্যাতন মামলার আপিল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এই বেঞ্চ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কুদ্দুস কাজল বলেন, সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে হাইকোর্টের অনুমোদন ছাড়া এ ধরনের রায় চূড়ান্ত হয় না। ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রে মানুষ রায়ের কার্যকারিতা দেখতে পায় না।

তিনি বলেন, নতুন বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি হবে। এর মধ্যে রামিসা, আছিয়া ও রসু খাঁ-সংক্রান্ত মামলাও অন্তর্ভুক্ত থাকবে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, এসব মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো ধরনের সময় প্রার্থনা (অ্যাডজার্নমেন্ট) করবে না। এ বিষয়ে আইন কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিচার বিভাগীয় ছুটির মধ্যেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে, যা বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বিচারপতির এ উদ্যোগকে ‘মাইলফলক’ আখ্যা দিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং আদালতের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে তিনি একই সঙ্গে মন্তব্য করেন, ‘দেশে প্রায়ই কোনো মামলা আলোচিত হলে সেটির প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়। অথচ প্রতিটি অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। তাই শুধু আলোচিত নয়, সব মামলার ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ